টেকনাফে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে আব্দুর রহমান (৩৫) নামের এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রহমান সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। পেশায় বিকাশ এজেন্ট ছিল।

নিহতের ভাই ওমর ফারুক বলেন, রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডো খেলতে দেখেছে এলাকার লোকজন। রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে তার মরদেহ পড়ে আছে। তার স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, শনিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত