প্রতিষ্ঠার ৭০ বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার (ওটি)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালটির ওটিতে প্রথমবার কোনো অপারেশন করা হয়। এতে এক প্রসূতির অপারেশন করে নবজাতককে পৃথিবীর আলো দেখানো হয়। নবজাতক ও তার মা সুস্থ আছেন বলে জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ।
তিনি বলেন, ওটি শেষে প্রসূতিসহ নবজাতককে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। তিন দিন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এখানে তাদের বিনামূল্যে সেবা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৫২ সালে ৫০ শয্যাবিশিষ্ট ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির উদ্বোধন হয়। বিভিন্ন জটিলতায় দীর্ঘসময় পেরিয়ে গেলেও এতদিনে ওটি চালু হয়নি।
স্থানীয়রা জানান, কোনো সন্তানসম্ভবা নারীর অবস্থার অবনতি হলে বা সিজারের প্রয়োজন হলে আগে তাদের জেলা শহরে যাওয়া ছাড়া বিকল্প ছিল না। বর্তমানে হাতের নাগালে এ ব্যবস্থা চালু করায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই সিজারিয়ান সেবা পাওয়া যাবে।
সদ্য জন্ম নেওয়া নবজাতকের বাবা সায়েম মিয়া বলেন, হাসপাতালে প্রথম সিজার হয়েছে এজন্য প্রথমে কিছুটা ভয়ে ছিলাম।
কিন্তু সুষ্ঠুভাবে সিজার সম্পন্ন হওয়ার পর খুবই আনন্দিত হয়েছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা অনেক বড় প্রাপ্তি।
ডা. বিধান আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এটা তার প্রমাণ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
