দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ ৫ নেতাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া বাকি চারজন হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মো. ফোরকান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির ও মো. হাসান।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে সদস্য সচিব হেলাল উদ্দিনসহ ৫ জনকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে অব্যাহতি পাওয়া পাঁচজনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা শেষে বিএনপি নেতা হুমায়ুন কবির চৌধুরী আনছার ও দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম খোকার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের অনুসারী বলে অভিযোগ করেন দলের একাংশের নেতারা। এদিকে, হুমায়ুন কবির চৌধুরী আনছার ও রফিকুল ইসলাম খোকার ওপর হামলায় জড়িতদের শাস্তি ও উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। কালা বিবি দীঘির মোড় থেকে মিছিলটি বের হয়ে চীনা অর্থনৈতিক অঞ্চল সড়কের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
