মহাসড়কে ডাকাতি চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৬:৪৬ পিএম

উত্তরা থেকে মহাসড়কে ডাকাতি চক্রের হোতাসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) গভীর রাতে উত্তরা পশ্চিম থানার উত্তরা ৩ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৩ জন হলেন, সালাম মাতবর (৫৩), মো. ইকরাম আলী মুন্সি (৩৮) ও শাহীন আলম প্রকাশ (২৪)।

ধৃত সালাম এই ডাকাতদলের হোতা। তার বিরুদ্ধে এর আগেও ৪ টি মামলা রয়েছে। এসব মামলায় জেলে থাকার সময়ই বাকিদের সাথে তার পরিচয়। তখনই তাদের নিয়ে এই ডাকাত দল করেন সালাম। তারা বিভিন্ন গ্যারেজ থেকে প্রথমে গাড়ি ভাড়া করেন। এরপর প্রবাসীদের টার্গেট করেন। যেসব প্রবাসী একা আসেন বা সাথে শুধু মহিলা থাকেন তাদের যাত্রী হিসেবে গাড়িতে তোলেন। পরে নির্জন কোনো স্থানে নিয়ে চাকু, ছুরির ভয় দেখিয়ে সব লুটে নেন। আর রাতে মহাসড়কে অবস্থান করেন। এরপর প্রাইভেট কার বা সিএনজি গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সব কেড়ে নেন।

মঙ্গলবারও এরকম ডাকাতির প্রস্তুতি নিতে উত্তরা ৩ নম্বর সেক্টরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সালামসহ ৩ জনকে গ্রেপ্তার করে। বাকি দুইজনের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বুধবার (১৯ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত