টাঙ্গাইলের মির্জাপুরে মাহাবুব আলম মহিন (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।
মাহাবুব আলম মহিন মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার মিনহাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, মাহাবুব প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অটো চালাতো। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়ও তিনি অটো নিয়ে বের হন।
রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় স্কচটেপ পেঁচানো ছিল এবং মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাকে হত্যা করে তার অটোরিকশাটি দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
