সাত বছর পলাতক থাকার পর ময়মনসিংহে পরিবহন শ্রমিক বিশ্বজিৎ কুন্ডু হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার রাতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুমন ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া নির্মলাবসা এলাকার প্রয়াত কামাল হোসেন কমলের ছেলে।
র্যাব জানায়, ২০১৫ সালের ২ জুন ভোরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় অজ্ঞাত ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন বিশ্বজিৎ কুন্ডু। পরিবহন শ্রমিক বিশ্বজিৎ নগরীর বিদ্যাময়ী স্কুল এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার দিন রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ছিনতাইকারীদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করে। পরে দীর্ঘ তদন্ত শেষে তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত সুমন ওরফে পেটকাটা সুমনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়।
র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক আখের মুহম্মদ জয় বলেন, ‘আসামি সুমনকে আদালতে সোপর্দ করার জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
