গুদামে পড়ে আছে কোটি কোটি কোভিশিল্ডের টিকা। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইতিমধ্যে কিছু টিকা নষ্ট হয়েছে। কিছু রয়েছে নষ্টের মুখে। টিকার চাহিদা কমায় প্রায় ১০ কোটি কোভিশিল্ড টিকা ফেলে দিতে বাধ্য হয়েছে এই টিকার প্রস্তুতকারী সংস্থা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) এমনটাই জানালেন বিশ্বের টিকা উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা।
গত বছরের ডিসেম্বরেই বন্ধ করা হয় করোনার টিকা কোভিশিল্ডের উৎপাদন। টিকার চাহিদা কমার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি। কিন্তু বুস্টার টিকা নেওয়ার প্রতি মানুষের অনীহার কারণে কোটি কোটি টিকা রয়ে গিয়েছে বাক্সবন্দি হয়েই। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই টিকাগুলো এখন ব্যবহারের অযোগ্য।
বৃহস্পতিবার পুনের এক অনুষ্ঠানে আদর পুনেওয়ালা বলেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে আমরা কোভিশিল্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছি। বুস্টার টিকার কোন চাহিদা নেই। মানুষ এখন কোভিড নিয়ে বিরক্ত। সত্যি বলতে, আমিও বিরক্ত। ১০ কোটি কোভিশিল্ড টিকা ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে।
