মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২:৪৬ পিএম

জামালপুর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হজরত আলী (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নান্দিনা খড়খড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হজরত আলী ওই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হজরত আলী খড়খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মোটরসাইকেলের ধাক্কায় হজরত আলীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এলাকাবাসী মোটরসাইকেলেসহ দুই আরোহীকে আটক করে। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। 

নিহত হজরত আলীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত