বাগেরহাটের মোংলায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রুমি সরদার (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) মামলা দায়েরের পর উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভাবশালী রুমি এলাকায় সিরিয়াল রেপিস্ট হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পশ্চিম চিলা এলাকার তেলিখালী গ্রামের রুমি সরদার (৪০) একই এলাকার মিলন শেখের স্ত্রী রাবেয়া বেগমকে (৩৭) পরকীয়ার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নেয়। পরে বিয়ের কথা বলে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের টেপামারী এলাকার বাসিন্দা কিশোর মন্ডলের বাড়িতে ভাড়া উঠেন। তারপর রুমি ও রাবেয়া সেখানে বিবাহবহির্ভূত বসবাস করে আসছিলেন। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে রুমি রাবেয়াকে ধর্ষণ করে আসছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এক পর্যায়ে রাবেয়া বিয়ের জন্য রুমিকে চাপ দিলে যোগাযোগ বিচ্ছিন করে এড়িয়ে চলতে থাকেন। সর্বশেষ রুমি ৩ অক্টোবর রাত ৯টা থেকে ৪ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত কয়েক দফায় ওই ভাড়া বাড়িতে রাবেয়াকে ধর্ষণ করে বিয়ের জন্য কাজী আনার কথা বলে সেদিন সটকে পড়েন। এরপর থেকে রুমি রাবেয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। শেষ পর্যন্ত কোন উপায়ান্তর না পেয়ে রাবেয়া শনিবার রাতে থানায় রুমির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাতেই রুমির তেলিখালীর বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
রুমি চিলা ইউনিয়নের পশ্চিম চিলার তেলিখালী গ্রামের মৃত তোরাপ সরদারের ছেলে। তার বিরুদ্ধে এমন একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয়ভাবে রুমি প্রভাবশালী হওয়াতে তার এ সকল কর্মকাণ্ড আড়ালেই থেকে যেতো। এলাকায় তিনি সিরিয়াল রেপিস্ট হিসেবে পরিচিত বলেও জানা গেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাবেয়া বেগমকে ধর্ষণের মামলায় রুমি সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
