বান্দরবান পার্বত্য জেলার থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বান্দরবান সেনা রিজিয়নের চিঠির আলোকে আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে ওই দুই উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান সই করা এক গণবিজ্ঞপ্তিতে ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও থানচি উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপের উপস্থিতির খবর পাওয়া যায়। এ কারণে ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির নাছিরুল আলম বলেন, গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলার পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। এবার থানচি ও আলীকদম উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, ১২ অক্টোবর থেকে পাহাড়ে জঙ্গিবিরোধী যৌথ বাহিনীর অভিযান পরিচালনার কারণে গত ১৮ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন।
