ইসি আহসান

দুষ্কৃতকারীদের শত্রু ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০১:৫১ এএম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, ভোটকেন্দ্রে সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করে অতীতে যেমন সুফল পেয়েছি ভবিষ্যতেও পেতে চাই। ভালো নির্বাচন উপহার দিতে ভবিষ্যতে প্রতিটি নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এই সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের জন্য শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো, তাদের জন্য মিত্র হিসেবে কাজ করে।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকায় বসে পর্যবেক্ষণ করে অনিয়ম ধরা পড়ায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এরপর ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে রাজনৈতিক মহলে সৃষ্টি হয় নতুন বিতর্ক। সরকারি দলের নেতাদের কেউ কেউ কমিশনের এ পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে গত রবিবার গণমাধ্যমে ব্যাখ্যা দেয় ইসি।

গতকাল আহসান হাবিব বলেন, ‘সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কেমন ফল পেয়েছি তা সবাই জানেন। এটা কতটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনগুলোতেও ব্যবহার করব।’

তিনি আরও বলেন, ‘যাদের অসৎ উদ্দেশ্য আছে তারা সিসি ক্যামেরা অ্যাভয়েড করে। আবার কেউ কেউ মনে করেন সিসিটিভি প্রাইভেসি নষ্ট করছে। বাসার সামনে, রাস্তাঘাটে; সব জায়গায় ক্যামেরা বসান। যারা দুষ্কৃতকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের মিত্র হিসেবে কাজ করে।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ভবিষ্যতে প্রতিটা নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করব। স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ও উপনির্বাচন সবগুলোতে। আমরা চাপের মধ্যে কখনো ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করছি। বাজেট প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।’

এক প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, ‘বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়মের তদন্ত করেছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। অনেক বড় বিধায় তারা সময় (তিন দিন) চেয়েছে। কমিশন হয়তো সময় দেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত