জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে ইতিমধ্যে অনেক জায়গায় বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সব দেশকে জলবায়ু পরিবর্তনকে পুনরায় অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব
আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘দেশগুলোকে অবশ্যই জলবায়ু পরিবর্তনকে পুনরায় অগ্রাধিকার দিতে হবে, আর তা না হলে বিশ্ব বিপর্যয়ের মুখোমুখি হবে।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে একই সঙ্গে এ হুঁশিয়ারি এবং আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে পেছনের দিকে ঠেলে রাখার প্রবণতা রয়েছে। যদি এ ধরনের প্রবণতা না বদলায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব।’ আগামী নভেম্বর মাসে মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ২৭। এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আলোচনার জন্য দেশগুলো একত্রিত হবে। গুতেরেস চান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে এ বিষয়ে পদক্ষেপ নিতে সম্মত হোক এবং ব্রিটিশ রাজা চার্লস ও নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক উভয়ই এবারের সম্মেলনে যোগ দিক। গুতেরেস বলেন, মুদ্রাস্ফীতি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং জ¦ালানি ও খাদ্যের উচ্চমূল্যের মতো বর্তমান বৈশ্বিক বিভিন্ন সমস্যা বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। অথচ এখন জলবায়ু পরিবর্তনকে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে ফিরিয়ে আনতে হবে।
