মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে বন্য শূকরের হামলায় অনন্ত বালমিকি (৩৬) নামের এক চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলবাড়ি চা বাগানজুড়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অনন্ত বালমিকি একই চা বাগানের কৃষ্ণ বালমিকির ছেলে।
ফুলবাড়ি চা বাগান পঞ্চায়েতের সভাপতি মনোরঞ্জন বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, চা বাগানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে পার্শ্ববর্তী। ফলে প্রায়ই লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য শূকর চা বাগানে হামলা চালায়। গত জানুয়ারি মাসেও বন্য শূকরের হামলায় এক চা শ্রমিক গুরুতর আহত হয়। বৃহস্পতিবার রাতেও বসতঘরে ঢুকে বন্য শূকর হামলা চালালে এক শ্রমিক আহত হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে হামলার পর বন্য শূকরটিকে একটি ঘরে আটকিয়ে রাখে চা শ্রমিকরা। শুক্রবার সকালে শূকরটিকে অচেতন করে উদ্ধার করা হয়। আহত চা শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।
