মৌলভীবাজারে অভিভাবকহীন দুই কন্যার বিয়ে দিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। গত বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগরের বর আল আমিনের সঙ্গে কনে শাকিলা ইসলাম ও মৌলভীবাজার সদরের কনকপুরের বর মো. সাব্বিরের সঙ্গে কনে নয়নতারার বিয়ে দেন ডিসি। নববিবাহিত দুই দম্পতিকে এক লাখ টাকা করে উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেড়ে ওঠা শাকিলা ও নয়নতারা বাল্যকালেই হারিয়ে যান।
পরে সিলেট সমাজসেবা কার্যালয় পরিচালিত শিশুপরিবারে তারা বড় হন। বয়স ১৮ হওয়ার পর দুবছর আগে তারা সিলেট থেকে মৌলভীবাজারে আসেন। একপর্যায়ে তাদের বিয়ের প্রস্তাব আসে। বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে জানানো হলে তিনি অভিভাবক হয়ে বরপক্ষের সঙ্গে কথা বলে ২৭ অক্টোবর বিয়ের দিন ধার্য করেন।
জাঁকজমকপূর্ণ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
