বিপজ্জনক দশকের মুখোমুখি বিশ্ব : পুতিন

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০১:৫০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি পড়েছে। গত বৃহস্পতিবার এক দীর্ঘ বক্তৃতায় পুতিন ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ন্যায্য হিসেবে তুলে ধরার চেষ্টা করে বলেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক ইস্যু তুলে ব্ল্যাকমেইল করছে এবং এভাবে তারা রাশিয়ার মিত্রদের মস্কোবিমুখ করতে চাইছে। তারা বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা খেলা খেলছে।

মস্কোভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ভালদাই ডিসকাশন ক্লাব’- এর সদস্যদের উদ্দেশে বক্তব্যে পুতিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন সামনে আছে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি দশক। পরিস্থিতিটা কিছু মাত্রায় বৈপ্লবিক।

তিনি বলেন, গোটা বিশ্বব্যবস্থার টেকটনিক পরিবর্তনের ক্ষেত্রে ইউক্রেইন যুদ্ধ একটি অংশ মাত্র। বিশ্বের বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের একাধিপত্যের ঐতিহাসিক সময় শেষ হয়ে আসছে। এক মেরু বিশ্ব অতীতের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। মানবতার দিক দেখভালের বিষয়টি এককভাবে সামলাতে পশ্চিমারা সক্ষম নয়, তারপরও তারা মরিয়া হয়ে তা করতে চেষ্টা করছে। তবে বিশ্বের বেশিরভাগ মানুষই আর এটি সহ্য করতে চায় না বলেও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, তার দেশকে ধ্বংস করে দেওয়ার পশ্চিমা চেষ্টার মুখে মস্কো তার অস্তিত্বের অধিকার রক্ষার চেষ্টা করে যাচ্ছে। তারা পশ্চিমা এলিটদের চ্যালেঞ্জ জানাচ্ছে না। পুতিন যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে উদ্দেশ করে বলেন, আগস্টে একটি প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে লিজ ট্রাস বলেছিলেন যে, তিনি পারমাণবিক হামলার বোতাম টিপতে প্রস্তুত থাকবেন যদি পরিস্থিতি তাকে এটি করতে বাধ্য করে। পুতিন বলেন, তিনি বিস্মিত হয়েছিলেন যুক্তরাজ্যের মিত্ররা এই বক্তব্যের কোনো আপত্তি করেনি।

পুতিন বলেন, আমরা একটি ইতিহাসের প্রান্তে আছি। আমাদের চোখের সামনে একটি ভবিষ্যৎ বিশ্ব-ব্যবস্থা তৈরি হচ্ছে।

এদিকে রুশ প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা জবাব দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এক টুইটে বলেন, যিনি অন্য একটি দেশ আক্রমণ করেছেন, দেশটির ভূমি দখল করেছেন, গণহত্যা চালিয়েছেন, সেই তিনি অন্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন, অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করছেন?

পুতিনকে ইঙ্গিত করে মাইখাইলো পোডোলিয়াক বলেন, যিনি হাওয়ার সূত্রপাত করেছেন, তিনি ঝড় দেখতে পাবেন। ঝড় আসছে।

পুতিনের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। তারা বলছে, পুতিনের এমন বক্তব্য খুব নতুন কিছু নয়। ইউক্রেনসহ অন্যান্য ব্যাপারে পুতিনের কৌশলগত লক্ষ্যে পরিবর্তনের ইঙ্গিত তার বক্তব্যে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত