গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত বেড়ে ৯১

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১০:১৩ পিএম

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে এ পর্যন্ত ৯১ জন নিহত হয়েছেন। এখনো অন্তত ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। 

এক টুইটবার্তায় তিনি বলেন, মোরবির মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ বিষয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ত্রাণ ও উদ্ধার অভিযান পুরোদমে চলছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিচ্ছে।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়া রাজ্য সরকার নিহতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার সেতুটি ধসে পড়ার সময় প্রায় ৫০০ জন ছিলেন। এখনো প্রায় ১০০ জন পানিতে আটকা পড়ে আছেন।

এতে আরো বলা হয়, সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মোরবি সেতুটি বহু বছর আগে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। মেরামত এবং সংস্কারের পর মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে পুনরায় চালু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত