যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তার ব্যক্তিগত ফোনে আড়িপাতা হয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। লিজের ফোন হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়াদের রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এজেন্ট বলে দাবি করেছে নানা সময় বিতর্কিত সংবাদ প্রকাশ করা ট্যাবলয়েডটি। এই ট্যাবলয়েডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোন হ্যাক করে ওই এজেন্টরা প্রায় এক বছরের বার্তা ডাউনলোড করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। এতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনার ‘অতি গোপনীয় বিষয়বস্তু’ ফাঁস হয়েছিল বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। সন্দেহভাজন ওই এজেন্টদের হাতে যাওয়া বার্তার মধ্যে অস্ত্রের চালান পাঠানোসহ ইউক্রেন যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার বিষয়ও ছিল বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকার করেছে ব্রিটিশ সরকার।
×
