বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ- ২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ মশিউর রহমান মারা গেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক জাকির হোসেন জানান, মশিউর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
