বিশ্বজিৎ খুনের পলাতক আসামি ইউনুছ গ্রেপ্তার

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০১:৩৮ এএম

পুরান ঢাকায় চাঞ্চল্যকর বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাতে নারায়ণগঞ্জের কিল্লারপুর এলাকা থেকে খন্দকার মো. ইউনুছ আলী ওরফে ইউনুছ (৩৬) নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার র‌্যাব-২ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচির মধ্যে সূত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎ হত্যাকা- ঘটে। ওই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে নেতাকর্মীরা বিশ্বজিতের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

ওই ঘটনায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) জালাল আহমেদ। তিন মাসের মধ্যে ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক তাজুল ইসলাম। ওই বছরের ডিসেম্বরে এ মামলার রায়ে আটজনকে মৃত্যুদন্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন সাজা দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের অন্যতম ইউনুছ।

২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্টে আপিলের রায়ে বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আটজনের মধ্যে দুজনের মৃত্যুদন্ড বহাল রাখা হয়। বাকি ছয়জনের মধ্যে চারজনের মৃত্যুদন্ড রহিত করে যাবজ্জীবন সাজা দেওয়া হয় এবং দুজন খালাস পান। এ ছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন দন্ড পাওয়া ১৩ আসামির দুজন খালাস পান, ১১ জনের সাজা বহাল রাখা হয়। হাইকোর্টের রায়েও ইউনুছের যাবজ্জীবন সাজা বহাল থাকে। তখন থেকে তিনি পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত