টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে হাসানুজ্জামিল শাহীন সভাপতি ও ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।
এর আগে দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম আকুর-টাকুরপাড়া ঈদগাহ মাঠে সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট ২৩টি ইউনিটের ২ হাজার ৩২৩ জন ডেলিগেটের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলে ভোট দেন ২ হাজার ১১৫ জন।
১ হাজার ৩৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামিল শাহীন। তার প্রতিদ্বন্দ্বী আহ্বায়ক কমিটির সদস্য আলী ইমাম তপন পেয়েছেন ৫৮৭ আর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু পান ৭৭ ভোট। এ ছাড়া ১ হাজার ২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু পেয়েছেন ৭৯১ ভোট।
গোপালপুরে আ.লীগের ৬ নেতা বহিষ্কার : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ছয় নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল বারেক, নগদা শিমলা ইউনিয়নের যুগ্ম সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক শুকুর মাহমুদ বাবু, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সদস্য ইমাম আলী ও ফজলুল হক।
