চট্টগ্রামে হিমাদ্রী হত্যায় তিনজনের মৃত্যুদন্ড বহাল

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০১:৪৪ এএম

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রী মজুমদার হত্যার আলোচিত ঘটনায় করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজনের সর্বোচ্চ দন্ড বহাল রেখেছে হাইকোর্ট। এ ছাড়া দুজনের মৃত্যুদন্ড কমিয়ে তাদের খালাস দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

হাইকোর্টের রায়ে আসামি মাহাবুব আলী ড্যানি, জাহিদুল ইসলাম শাওন ও জুনায়েদ রিয়াদের মৃত্যুদন্ড বহাল রয়েছে। এ ছাড়া শাহ সেলিম ওরফে টিপু ও শাহাদাত হোসেন সাজুকে খালাস দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে জুনায়েদ ও জাহিদুল এখনো পলাতক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মামলার নথি ও আইনজীবীদের তথ্যমতে, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখা থেকে ‘এ’ লেভেল পাস করেন হিমাদ্রী। তিনি মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সঙ্গে যুক্ত থেকে সামাজিক কর্মকা- করতেন। মাদক সেবনে বাধা দেওয়ার কারণে বিরোধের জের ধরে ২০১২ সালের ২৭ এপ্রিল ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে হিমাদ্রীকে ধরে নিয়ে যায় আসামি শাওন, জুনায়েদসহ কয়েকজন। তাকে পাঁচলাইশ এলাকায় জুনায়েদের বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। জুনায়েদ ব্যবসায়ী শাহ সেলিম টিপুর ছেলে। সেখানে আটকে রেখে মারধরের পর কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৩ মে মারা যান হিমাদ্রী।

এ ঘটনায় হিমাদ্রীর মামা প্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের শুনানি নিয়ে ২০১৬ সালের ১৪ আগস্ট ওই পাঁচজনকেই মৃত্যুদন্ডদেশ দেয় চট্টগ্রাম মহানগর দায়রা আদালত।

বিচারিক আদালতের রায়ের পর রায় কার্যকরে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য নথি হাইকোর্টে আসে। কারাগারে থাকা আসামিরা আপিল করে। গত বুধবার শুনানি শেষে গতকাল এ রায় হলো।

রাষ্ট্রপক্ষে মামলার শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরো। আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাটি ছিল খুব নৃশংস। তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ দন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অন্য দুজনকে খালাস দিয়েছেন আদালত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত