পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, খালেদা জিয়ার কথায় দেশ তো দূরের কথা, বিএনপিই চলে না।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের নড়িয়ার ভূমখাড়া ইউনিয়ন উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এতিমের টাকা মেরে খাওয়ার দায়ে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে তিনি এখন বাসায় আছেন। তার ছেলে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে পলাতক।
তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিল। তার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পর দেশ চলবে! বিএনপির নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে দেশের মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিএনপি ও বিএনপির নেতাকর্মীরাইতো তার কথা চলে না। কারণ, বিএনপিদের বিবেকও তো নাড়া দেওয়ার কথা খালেদা জিয়া-তারেক রহমান দুর্নীতিবাজ। বিবেকবান মানুষ কোনো দুর্নীতিবাজের কথায় চলতে পারে না। আর শেখ হাসিনা সততা, মেধা ও দক্ষতায় সেরা। এ কারণে দেশের মানুষ একমাত্র তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ।
উপমন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি জনসভা ও সমাবেশের নামে যতোই চক্রান্তের জাল বুনুক না কেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করা সম্ভব নয়।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে হলে জনগণের সেবা করে তাদের মন জয় করতে হয়। জনবিচ্ছিন্ন বিএনপি তাই তো জনগণের রায় ছাড়াই কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই ফন্দি আটছে। এই ভ্রান্ত পথ এ দেশের জনগণের কাছেও হাস্যকর মনে হচ্ছে।
ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি আব্দুল ওহাব ব্যাপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রমুখ।
