দশকের পর দশক ধরে চলা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত সমাধানে দুটি ভিন্ন রাষ্ট্রের পক্ষেই সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে এই সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, অ্যান্থনি ব্লিংকেন গত শুক্রবার আব্বাসের সঙ্গে এক ফোনালাপে ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা ও স্বাধীনতা বাড়ানোর জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। ক্রমবর্ধমান উত্তেজনা, সহিংসতা এবং ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়পক্ষের প্রাণহানিসহ পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ব্লিংকেন নিজের গভীর উদ্বেগের কথা তুলে ধরেন এবং সকল পক্ষের জরুরিভাবে পরিস্থিতি নমনীয় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
×
