বিএনপির বিভাগীয় সম্মেলন

শিবচরে প্রস্তুতি সভায় হামলায় আহত ১০

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:৪৮ পিএম

মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাচ্চর বাজারে এই ঘটনা ঘটে। যুবলীগ ও ছাত্রলীগ এ হামলা চালিয়েছে বলে স্বেচ্ছাসেবক দল অভিযোগ করেছে।  

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শিবচর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালেই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে শিবচর উপজেলার পাচ্চর এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালেই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ কমপক্ষে ১০ জন। আহতদের শিবচরের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মাসুদ পারভেজকে রাতেই মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, আমরা ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করা লক্ষ্যে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার আয়োজন করলে স্থানীয় চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান মুন্সির নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায় এবং সভা প- করে দেয়। এতে আমিসহ ১০ নেতাকর্মী আহত হন। আমরা এদের বিচার চাই।

মাদবরের চর ইউনিয়নের চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

জানতে চাইলে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এরকম ঘটনা আমার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত