গঙ্গাস্নানে শেষ হলো কাত্যায়নী পূজা

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১০:৩২ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা-বাগানে মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে গঙ্গাস্নানের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ২২তম কাত্যায়নী পূজা।

গঙ্গাস্নানের আগে পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ করা হয় চা শ্রমিকদের মধ্যে।

চা শ্রমিকেরা জানান, কার্তিক মাসব্যাপী ব্রত পালন শেষে গত সোমবার গভীর রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে নাম কীর্তন শুরু হয় এবং মঙ্গলবার ভোর থেকে বিভিন্ন চা বাগানের কয়েক হাজার ভক্তরা গঙ্গা স্নান ও পূজার্চনা করতে মাধবপুর এলাকায় ধলাই নদীর তীরে সমবেত হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গাস্নান ও পূজার্চনা চলে সকাল ৮টা পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী, সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, মাধবপুর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক সেলিমুর রহমান, ইউপি সদস্য নারায়ণ রাজভরসহ বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা।

কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি লক্ষীনারায়ণ কৈরী বলেন, কার্তিক মাস শেষে নদী তীরে মাটির কাত্যায়নী মূর্তি গড়ে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে দেবীকে সাজানো হয়। এরপরই নদীতে স্নান করে ভিজা কাপড়ে খোদিত কাত্যায়নীর পূজা করেন হাজার হাজার চা-শ্রমিক ভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত