বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলেব খাঁ (৮৫), রুহিন খাঁ (২৪) ও সৈকত শেখ (২৫)। এদের সবার বাড়ি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান শেখ বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিন মোটরসাইকেল আরোহী বাগেরহাট থেকে ফকিরহাটের নওয়াপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের পিলজংগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত এবং অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই মারা যান।
পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত তিনজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ট্রলিটি আটক করলেও চালক পলাতক আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
