রাখাল নৃত্যে শুরু মণিপুরি মহারাসলীলা উৎসব

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০২:১৬ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) সঙ্গে বাতাসা বৃষ্টিতেই শুরু হলো মনিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব মহারাসলীলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবার ভক্তরা কুঁড়িয়ে নেন। রাসোৎসব উপলক্ষে এ বছর লাখো মানুষের মিলনতীর্থ পরিণত হবে মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের মণ্ডপ এলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রাতে হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরণ। আলোচনায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।

সাদা-কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ। এ মণ্ডপেই রাতে হবে রাসোৎসব। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই, সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। 

সকলের উদ্দেশ্য মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময়ে সময়ে মানুষের সমাগম বাড়ছে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ, তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের ১৮০তম রাসোৎসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত