ক্রমেই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বাড়তি তাপমাত্রার কারণে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। চলতি বছর কেবল ইউরোপেই বাড়তি তাপমাত্রার কারণে কমপক্ষে ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে গরম আবহাওয়ার কারণে ইউরোপে অন্তত ১৫ হাজার মানুষ মারা গেছে। এমনকি বাড়তি তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে স্পেন এবং জার্মানি রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে চলতি বছরের জুন থেকে আগস্ট এই তিন মাস ছিল ইউরোপে সবচেয়ে উষ্ণ। ব্যতিক্রমী উচ্চ তাপমাত্রার কারণে চলতি বছর এই মহাদেশে সবচেয়ে খারাপ খরা দেখা গেছে। ডব্লিউএইচওর ইউরোপের আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ এক বিবৃতিতে বলেছেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে, অনুমান করা হচ্ছেÑ২০২২ সালে অন্তত ১৫ হাজার মানুষ তীব্র তাপপ্রবাহের কারণে মারা গেছে।’ তিনি জানান, গ্রীষ্মের ৩ মাসে স্পেনে প্রায় ৪ হাজার, পর্তুগালে এক হাজারেরও বেশি, যুক্তরাজ্যে ৩ হাজার ২০০ জনেরও বেশি এবং জার্মানিতে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যুর খবর দেশগুলোর স্বাস্থ্য কর্র্তৃপক্ষ জানিয়েছে।
×
