হত্যায় যাবজ্জীবন সাজার আসামি ৩৫ বছর পর গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০২:০৯ এএম

ধামরাইয়ের স্কুলশিক্ষক আমজাদ হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আতাল হককে (৫৬) ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গত সোমবার রাত ৮টার দিকে সিংগাইরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার র‌্যাব-৪-এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আসামি আতাল হক এবং নিহত আমজাদ হোসেন উভয়ই ধামরাইয়ের বানেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৮৩ সালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আতাল হক ও তার ৮-১০ সহযোগী আমজাদকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আওলাদ হোসেন ধামরাই থানায় হত্যা মামলা করেন। ১৯৮৭ সালের ২ এপ্রিল আদালতের রায়ে আতাল হকের যাবজ্জীবন সাজা হয়। এরপর সে আত্মগোপনে চলে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আত্মগোপনে থাকা অবস্থায় আসামি আতাল দেশের বিভিন্ন থানায় একাধিকবার চুরি-ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেও নিজের ও বাবার ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে। গ্রেপ্তার আসামিকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত