শিশু ধর্ষণ-হত্যায় খুলনা কুমিল্লায় ৮ ব্যক্তির মৃত্যুদন্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০২:৪৩ এএম

খুলনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ৬ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। কুমিল্লায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুই জেলার সংশ্লিষ্ট আদালত এ রায় দেয়।

খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান রায় দেন।

রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো মোরশেদুল ইসলাম শান্ত ওরফে শান্ত বিশ্বাস, শেখ শাহাদাত হোসেন, মো. রাব্বি হাসান পরশ, মো. মাহামুদ হাসান আকাশ, কাজী আরিফুল ইসলাম প্রীতম ও মো. মিম হোসেন। এদের মধ্যে মোরশেদুল ইসলাম শান্ত, শাহাদাত হোসেন ও কাজী আরিফুল ইসলাম প্রীতম পলাতক রয়েছে।

একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৯ জুন সোনাডাঙ্গা এলাকার বিহারি কলোনিতে ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন শিশুটির বড়বোন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। একই বছরের ১৩ নভেম্বর ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় ২০১৮ সালের ৩ মার্চ শিমু আক্তার নামের শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় দুজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে রায় দেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা (উত্তরপাড়া) এলাকার বাচ্চু মিয়া (৫০) ও আমির হামজা (৩৫)। আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত