ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় এক লাখ সেনা এবং ইউক্রেনেরও প্রায় সমান সংখ্যক সেনা হতাহত হয়েছে। চলমান যুদ্ধের ৯ মাসে এখন পর্যন্ত দুদেশের পক্ষ থেকে হতাহতের সংখ্যা সুস্পষ্টভাবে জানানো হয়নি। কিন্তু নিহত-আহত মিলিয়ে দুপক্ষেরই প্রায় দুই লাখ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রধান মার্ক মিলে। গত বুধবার যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা দ্য ইকোনমিক ক্লাব অব নিউইয়র্কের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা দেখছেন, ইউক্রেনে এক লাখের বেশি রুশ সেনা নিহত অথবা আহত হয়েছে। ইউক্রেনের দিকের হতাহতের সংখ্যাটাও সম্ভবত একই।’ গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আট মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বশেষ এই তথ্য পাওয়া গেল।
×
