প্রস্তাবিত ইভিএম প্রকল্প

ইসি পরিকল্পনা কমিশনের সুপারিশ নিচ্ছে না

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০১:৫৫ এএম

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রস্তাবিত প্রকল্পটি নির্বাচন কমিশনে ফেরত পাঠিয়েছিল পরিকল্পনা কমিশন। কিছু ক্ষেত্রে ব্যয় কমানোসহ ফিজিবিলিটি স্টাডির কথা বলেছে পরিকল্পনা কমিশন। তবে প্রকল্প প্রস্তাবে ফিজিবিলিটি স্টাডির বদলে টেকনিক্যাল কমিটির সুপারিশ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী প্রকল্প প্রস্তাবটি আগামী রবিবার ফের পরিকল্পনা কমিশনে পাঠাবে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে টেকনিক্যাল কমিটির সদস্যরা এসে সুপারিশ সূচক স্বাক্ষরও করে গেছেন প্রকল্প প্রস্তাবে।

গত অক্টোবর মাসে নির্বাচনী ব্যবস্থায় ‘ইভিএমের ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল ইসি। ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রস্তাবিত ওই প্রকল্পের ওপর পর্যালোচনা করেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় পরিকল্পনা কমিশন ইভিএম প্রকল্পটির বেশ কয়েকটি খাতের সমন্বয় করতে বলেছে; বিশেষ করে পরিবহন ব্যয়সহ আরও বেশ কিছু খাতে সংশোধনীর কথা বলা হয়েছে।

ইসির নতুন ডিপিপি অনুযায়ী, প্রতিটি ইভিএমের দাম ধরা হয়েছে ৩ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ৫৩৪টি গাড়ি, ১০টি গুদাম তৈরি, এক হাজারের মতো লোকবল ইত্যাদি খাতে ওই ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্পটি নেওয়া হয়েছে।

ইসি জানায়, পরিকল্পনা কমিশন কিছু ক্ষেত্রে ব্যয় কমানোসহ ফিজিবিলিটি স্টাডির কথা বলেছে পর্যবেক্ষণে। ইসি মনে করে, যেহেতু বর্তমানে বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে, তাই একই যন্ত্রের ওপর ফিজিবিলিটি স্টাডির প্রয়োজন নেই। এক্ষেত্রে টেকনিক্যাল কমিটির সুপারিশ নিয়েই প্রস্তাবটি ফের পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং ইভিএম সংক্রান্ত কারিগরি কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বৈঠকের বিষয়ে বলেন, জরুরি কিছু নয়। আগে স্বাক্ষর নেওয়া হয়নি। আজ স্বাক্ষর নেওয়া হয়েছে।

ইভিএম প্রকল্প পরিচালক কর্নেল রাকিবুল হাসান বলেন, পরিকল্পনা কমিশন বেতন-ভাতা, পরিবহন ব্যয়, মেইনটেইনেন্স সার্ভিস কতখানি যথার্থ সেগুলো দেখতে বলেছে। প্রকল্প ব্যয় কিছু কমতে পারে। খুব একটা বেশি না। ফিজিবিলিটি স্টাডিকে তো আর রিপ্লেস করা যায় না। যেহেতু প্রকল্পের সামনে সময় কম আছে। তাই বর্তমান ইভিএমকেই আমরা রেপ্লিকেট করছি। সেজন্য টেকনিক্যাল কমিটির মতামত জরুরি।

 তিনি বলেন, প্ল্যানিং কমিশন আমাদের কিছু অবজারভেশনের জায়গা দিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল টেকনিক্যাল কমিটির রিপোর্টটা সাপোর্টেট কি-না। আমরা যে টেকনিক্যাল স্পেসিফিকেশন দিয়েছি সেটা। সেই কাজটা আজ করলাম। এখন গ্রিন বুকে এন্ট্রি হয়েছে। অর্থাৎ প্রকল্পটি এডিবিভুক্ত হয়ে গেছে। এখন অর্থ মন্ত্রণালয়ে যাবে। তারা আবার যাচাই-বাছাই করে দেখবে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেন, টেকনিক্যাল কমিটি মোটা দাগে যে সুপারিশ দিয়েছে সেগুলো হলো আগামী নির্বাচন করতে গেলে বেশ কিছু ইভিএম লাগবে। বর্তমানে যে ইভিএম আছে তা দিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে, দেড়শ আসনের ক্ষেত্রে আমাদের আরও ইভিএম কিনতে হবে। আগামী রবিবার টেকনিক্যাল কমিটির সবার স্বাক্ষরযুক্ত পর্যবেক্ষণ পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত