দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:৫২ এএম

দিনাজপুর শহরে আলুবোঝাই একটি ট্রাকের সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছেন। এই সময় এক ভ্যান যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার ভোর ৬টায় দিনাজপুর শহরের কাঞ্চন ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক হলেন বিরল উপজেলার মাধববাটী গ্রামের মৃত মানিকের ছেলে সোলাইমান হোসেন (৬৫)। দুর্ঘটনায় গুরুতর আহত দিনাজপুর শহরের উচার মোড়ের মৃত মানিক চাঁদের আনিছকে (৪৫) দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনিছ একজন মাছ ব্যবসায়ী।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ভোরে বিরল থেকে ভ্যান চালক ও একজন যাত্রী দিনাজপুর শহরে প্রবেশ করছিল। পথিমধ্যে কাঞ্চনব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া আলুবোঝাই করা একটি ট্রাক (বগুড়া ড-১১-২৪৫৭) সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক সোলাইমান হোসেন। আহত যাত্রী আনিছকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ভ্যান ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত