সম্মেলনের আগে ছাত্রলীগের কোনো কমিটি দিতে মানা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:১০ এএম

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের জন্য আগামী ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সম্মেলন না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে কোনো ইউনিটের কমিটি ঘোষণা করতে নিষেধ করা হয়েছে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে। ছাত্র সংগঠনটির অভিভাবক ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, ৩ ডিসেম্বর সংগঠনের ৩০তম সম্মেলনের আগে নতুন করে ‘প্রেস রিলিজ কমিটি’ না দেওয়ার নির্দেশটি ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত অন্যতম নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ‘এটা ছাত্রলীগের অভিভাবকের (শেখ হাসিনা) নির্দেশনা। সেটা আমরা যোগাযোগ করে তাদের (ছাত্রলীগের শীর্ষ দুই নেতা) জানিয়ে দিয়েছি।’

এ ব্যাপারে জানতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে মোবাইল ফোনে কল করা হলেও তারা রিসিভ করেননি।

২০১৯ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় আড়াই মাস পর ওই বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চাঁদাবাজির অভিযোগ ওঠায় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তাদের বাদ দিয়ে আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত পুনর্মিলনীর সমাবেশে জয় ও লেখককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়। পরে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত ১২১টি সাংগঠনিক শাখার মধ্যে ৬৩টির কমিটি ঘোষণা করেন জয় ও লেখক। সম্মেলনের মাধ্যমে কমিটি হয় মাত্র ৮টি শাখার। এর মধ্যে টাঙ্গাইল, বান্দরবান, জামালপুর ও মাগুরা জেলার কমিটি সম্মেলনস্থলেই ঘোষণা হয়। রাজশাহী মহানগর, নড়াইল, বরগুনা ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কমিটি পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত