নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন এবং ভেজা বালু বহন ও অধিক বোঝাইকৃত ট্রাক চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে উপজেলাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে মো. আতিক খান অজয় লিখিত বক্তব্যে বলেন, গত ৮ নভেম্বর নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর আমরা দুর্গাপুরবাসী ‘অবৈধভাবে ভেজা বালু উত্তোলন ও অতিরিক্ত বোঝাইকৃত ট্রাক পরিবহন বন্ধের জন্য’ আবেদন করি। কিন্তু দুর্গাপুর উপজেলা প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতায় এ বিষয়ে ‘মুখ বন্ধ রাখার আচরণ’ পরিলক্ষিত হয়েছে। দুর্গাপুর পৌরবাসী একত্র হয়ে অতিরিক্ত বোঝাইকৃত ভেজা বালু পরিবহনকালে প্রায় পাঁচশ ট্রাক আটক করে জেলা প্রশাসককে মুঠোফোনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। কিন্তু জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও ঘটনাস্থলে এসে কোনো ব্যবস্থা না নিয়ে ট্রাকগুলো ছেড়ে দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. সেকান্দার, মঞ্জুরুল হক, রফিক রাজা, শেখ আল আমিন, মুজিবুর রহমান, তারা মিয়া, পাপন চন্দ্র সরকার, আনোয়ার হোসেন, মোতালিব মিয়া প্রমুখ।
