জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। দীর্ঘদিন পর নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন। সিরিজটি এখন ভিন্ন কারণে আলোচিত। এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ইনফিনিটি ২...
এই সিরিজের প্রথম সিজন করে দারুণ সাড়া পেয়েছিলাম। তবে সিজন ২ নিয়ে আমরা আরও বেশি আশাবাদী। কারণ এবার সিরিজের গল্প থেকে শুরু করে বাজেট, কাস্টিং, পরিধি সবই বেড়েছে। সিজন ১-এ দেখানো হয়েছিল স্পেশাল ব্র্যাঞ্চের কর্মকর্তাদের অফিসের কার্যক্রম। কিন্তু এবার দেখানো হয়েছে এজেন্টরা মাঠপর্যায়ে গেলে কীভাবে একের পর এক কেসের সমাধান করেন। এজন্য আমাদের এবারের শ্যুটিংও ছিল দারুণ চ্যালেঞ্জিং ও কষ্টকর। আমরা পুরান ঢাকা, আফতাবনগর, মিরপুর ও গাজীপুরের রিয়েল লোকেশনে শ্যুটিং করেছি। এত ব্যস্ত এলাকায় মানুষ কন্ট্রোল করে শ্যুটিং করাটাও কষ্টকর। কিন্তু এক্ষেত্রে আমরা বেশ সুবিধা পেয়েছি। যখন ক্যামেরা অনেক দূরে থাকত, আর আমরা শট দিতাম, অনেকে ভাবত সত্যি সত্যিই এজেন্টরা কোনো অপারেশনে নেমেছেন। তাই সাধারণ মানুষ ধারেকাছে আসত না। এমনকি আমরা তাদের পাশ দিয়ে হেঁটে গেলেও অনেকে চিনতে পারত না।
প্রস্তুতি...
বাস্তব কোনো চিত্র যখন কোনো ফিকশনে ফুটিয়ে তুলতে হয় তখন তার জন্য নানা ধরনের প্রস্তুতি নিতে হয়। যেমন এখানে আমি একজন এজেন্ট। তাই আমাদের বেশকিছু অ্যাকশন দৃশ্যে কাজ করতে হয়েছে। এজন্য শ্যুটিং শুরুর ১৫ দিন আগে থেকেই আমরা সবাই ট্রেনিং নিয়েছি। যদিও এত অল্প দিনে তেমন কিছুই শেখা সম্ভব নয়। তারপরও আমরা টেকনিকগুলো শিখেছি। কিছু মুভমেন্ট রপ্ত করেছি। ফলে শ্যুটিংয়ের সময় দৃশ্যগুলো অনেক রিয়েলিস্টিং মনে হয়েছে। গল্পকে বাস্তব করে তুলতে আমরা এজেন্টদের রিয়েল পোশাক, বুট থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক কিছুই ব্যবহার করেছি। এরজন্য অবশ্য আমাদের সরকারি অনেক ধরনের অনুমতি নিতে হয়েছে।
ভুল বোঝাবুঝি...
ইনফিনিটি ২ ওয়েব সিরিজটির নাম এখন বেশ আলোচনায়। এরইমধ্যে আমি যখন ফেইসবুকে এই সিরিজে আমার আর শরিফুল রাজের ছবি প্রকাশ করেছি, তখন অনেকেই ভাবছেন, যে সিরিজে কাজের ব্যাপারে নির্মাতার সঙ্গে বিদ্যা সিনহা মিমের সঙ্গে কথা হচ্ছিল, সেটাতে আমি কেন? কিন্তু অনেকে আসল ঘটনা জানেন না। ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে কয়েক সিজনে আসবে। কারণ বিঞ্জের সবচেয়ে সফল দুটি সিরিজের একটি হলো ‘ইনফিনিটি’। প্রথম সিজন থেকেই আমি আর রাজ কাজটির সঙ্গে জড়িত। ‘সিজন ২’তে আমরা তো আছিই, সেই সঙ্গে গল্পের প্রয়োজনে নতুন শিল্পী যুক্ত হয়েছেন। যেমন আবদুন নূর সজল, সাঞ্জু জনসহ অনেকে। তেমনিভাবে মিম আপুকে নিয়েও একটি পরিকল্পনা আছে পরিচালকের। তিনি যেহেতু বড় মাপের একজন তারকা, তাই তাকে আনতে গেলে চরিত্রটিও হতে হবে তেমন গুরুত্বপূর্ণ। যেটি আসলে সিজন ২’তে নেই। মিম আপুকে মূলত সিজন থ্রিতে নেওয়ার ব্যাপারে পরিচালক কথা বলেছেন। তবে কী কথা হয়েছে সেটি আমি জানি না।
অন্য ব্যস্ততা...
এ মাসেই ইমরাউল রাফাতের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করব। তাতে আমার স্বামী শাওনও থাকছেন। এছাড়া এখন লাক্স, প্যারাসুট, দারাজ, টফিসহ অনেকগুলো ব্র্যান্ডের প্রমোশনের জন্য কনটেন্টে অংশ নিচ্ছি।
