কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসুফ নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই এলাকার সোহেলকে (২৫) আটক করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিলেন। এ ছাড়া যুবদলের একটি ওয়ার্ড কমিটির নেতা বলেও জানা গেছে।
নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ বলেন, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের তর্ক-বিতর্ক হয়। উক্ত ঘটনার জের ধরে শনিবার বিকালে ইউসুফকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সোহেল। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাকে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া দেশ রূপান্তরকে জানান, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়েনের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম শাখার অর্থ সম্পাদক ছিলেন ইউসুফ।
