নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ায় নাজমুল হোসেন (৪০) নামে এক যুবক ফেসবুক লাইভে এসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় পূর্ব লামাপাড়া এলাকার শফিকুল ইসলাম সুমনের ভাড়াটিয়া বাড়ির ৫ম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আত্মহত্যাকারী নাজমুল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলী বাজারের গোপাল কান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আসাদ বেপারীর ছেলে।
পেশায় তিনি বৈদ্যুতিক মিস্ত্রি। রবিবার রফিকুল ইসলাম রিয়াজ নামে ফেসবুক আইডিতে এসে নাজমুল হোসেনের আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়।
ওই ভিডিওতে নাজমুল হোসেন বলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মৃত্যুতে কাউকে দায়ী করব না। একটা খারাপ মানুষ জীবনের তরে বিদায় হয়ে গেছে। আমার মত কাপুরুষ এত জঘন্যতম মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই পলাশ কান্তি জানান, পারিবারিক কলহের জের ধরে পলাশ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নাজমুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহতের বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন বেড়াতে গিয়েছে। ফেসবুক লাইভের বিষয়টি জানা নেই। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।
