নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে মোবারক হোসেন (১৮) নামে এক তরুণকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে মাধবদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন। এর আগে গত শনিবার রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মোবারক আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তাররা হলো আরাফাত (১৯), রাহাত (১৮), অলিউল্লাহ (২১) ও অলি (১৮)। তারা নরসিংদী সদর ও মাধবদী এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ নভেম্বর বিকেলে মোবারক রিকশায় বাড়ি ফেরার পথে মাধবদীর বাহাদুরপুরে পাকা রাস্তার মাথায় থুতু ফেললে তা ইয়াছিন মিয়ার সামনে পড়ে। এতে ইয়াছিন মোবারককে গালিগালাজ করে। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এর আগে মোবারকের সঙ্গে ইয়াছিনের বিভিন্ন তুচ্ছ ঘটনায় একাধিকবার ঝগড়া ও মারামারি হয়। এর জেরে ইয়াছিন ও তার সহযোগীরা মোবারককে হত্যার পরিকল্পনা করে সুযোগ খুঁজতে থাকে। গত শনিবার সন্ধ্যায় মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকায় মোবারককে পেয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।
