ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল ও ছয় সাংবাদিকের নামে করা ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাঘাইছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সোমবার সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ চত্বরে বাঘাইছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন, ইসলামী যুব সেনার সভাপতি আবদুল বারী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট স্বাধীন সাংবাদিকতার পথে কাঁটা হিসেবে দাঁড়িয়ে গেছে। এই আইনের ফাঁকফোকর দিয়ে সমাজের প্রভাবশালীরা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। তারা অবিলম্বে এই আইন বাতিল ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি-ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
