আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্তের উদ্যোগের সমালোচনা করেছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বাইডেন প্রশাসনের এ-সংক্রান্ত সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। সাংবাদিক শিরীন হত্যাকাণ্ডের ঘটনায় বাইরের কোনো তদন্তে ইসরায়েল সহযোগিতা করবে না বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘শিরীন আবু আকলেহর দুর্ভাগ্যজনক মৃত্যুর তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত একটি গুরুতর ভুল।’ যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এরই মধ্যে ফিলিস্তিনি-আমেরিকান ওই সাংবাদিকের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই। গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। বুকে ‘প্রেস’ লেখা সুরক্ষা পোশাক থাকার পরও সেখানে দখলদার বাহিনী তার ওপর গুলি চালায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। এ ঘটনা তদন্ত করে জাতিসংঘ। গত জুনে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাবিনা শামদাসানি জানান, তাদের অনুসন্ধানে উঠে এসেছে, যে গুলিতে শিরীন আবু আকলেহ নিহত হন, তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছোড়া।
×
