বেহাল রাঙ্গুনিয়ার ৭ উপ-স্বাস্থ্যকেন্দ্র

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৩৭ এএম

রাঙ্গুনিয়ায় উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর দুরবস্থার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ভবনগুলো জরাজীর্ণ, ব্যবহারের অনুপযোগী, আবার কোনোটি বিলুপ্ত হয়ে গেছে। চিকিৎসাসেবা কার্যক্রম নেই। সরকারি কিংবা বেসরকারি পরিত্যক্ত ঘরে কোনো কোনো ইউনিয়নে নামমাত্র সেবা কার্যক্রম থাকলেও দেখা মেলে না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সপ্তাহের ৬ দিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলো খোলা থাকার কথা। নিয়ম অনুসারে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে ১ জন মেডিকেল অফিসার, ১ জন উপ-সহকারী মেডিকেল অফিসার, ১ জন ফার্মাসিস্ট এবং একজন এমএলএসএস দায়িত্বে থাকার কথা থাকলেও নানা দুরবস্থার কারণে তাদের কেউই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেব প্রসাদ দে বলেন, নিয়মিত সভা এবং উপজেলা সমন্বয় সভায় কর্তৃপক্ষের কাছে উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোর বিষয়ে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, সরফভাটা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রটি অনেক আগেই কর্ণফুলী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। ক্ষেত্রবাজারের কাছে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের একটি কক্ষে নামমাত্র চিকিৎসা কার্যক্রম চলছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা দেব প্রসাদ চক্রবর্তী বলেন, উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পোস্টেড মেডিকেল অফিসারদের অনেকে উপজেলা এবং জেলা হাসপাতালে কাজ করছেন। বেতাগী ও ধামাইরহাট উপ-স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা দীর্ঘদিন ধরে অনুপস্থিত বলেও তিনি স্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত