ওয়াশিংটন পোস্টের কলাম লেখক সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র।
জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি আদালতে মামলা চলছে। সেই মামলার অভিযুক্তদের তালিকা থেকে এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম বাদ দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেহেতু সৌদি আরবের প্রধানমন্ত্রী সে কারণে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো ধরনের বিচার সম্ভব না।
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয় জামাল খাশোগিকে। হত্যার পর তার মরদেহ এসিড প্রয়োগ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বিশ্বাস, যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে এ হত্যাকাণ্ডের আদেশ দিয়েছিলেন।
এদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দেওয়ার পর এর সমালোচনা করেছেন জামাল খাসোগির বাগদত্তা হাতিস চেঙ্গিজ। তিনি টুইটে বলেছেন, জামাল আজ আবারও মারা গেল। আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে হয়ত বিচারের আশার আলো দেখব। কিন্তু আবারও অর্থই জিতল। এটি সেই বিশ্ব যেটি জামাল জানে না এবং আমি…!
যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনগত সিদ্ধান্ত নিয়েছে।’
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আইনজীবী বলেছেন, ‘বাইডেন প্রশাসন দেখেছে যে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি বিদেশী সরকারের প্রধান, সে হিসেবে যুক্তরাষ্ট্রের আদালতের বিচার ব্যবস্থায় বিচারের মুখোমুখি হওয়া থেকে মুক্ত তিনি।’
চলতি বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের শাসক সালমান বিন আবদুল আজিজ রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেশটির প্রধানমন্ত্রী বানান।
জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার ঘটনা শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও পরবর্তীতে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানতেন।
সাংবাদিক জামাল খাশোগি সৌদি আরবের রাজতান্ত্রিক শাসকগোষ্ঠীর তীব্র সমালোচক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এ নিয়ে কলাম লিখতেন। ২০১৮ সালে বাগদত্তা হাতিস চেঙ্গিজকে বিয়ে করা সংক্রান্ত কাগজ আনতে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গিয়েছিলেন জামাল। সেখান থেকেই তাকে ধরে নিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে গিয়েছিল সহায়তার জন্য। কিন্তু খাশোগি হত্যা মামলায় সৌদি যুবরাজকে আসামি করায় সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি সহযোগিতার হাত বাড়ায়নি। সেজন্যই এবার মামলা থেকে সৌদি যুবরাজের নাম বাদ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
