ময়মনসিংহে একই স্থানে দেবর ভাবির পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম

ময়মনসিংহে শনিবার (১৯ নভেম্বর) বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেগম রওশন এরশাদপন্থী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম ও জিএম কাদেরপন্থি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ময়মনসিংহে একই দিনে দেবর-ভাবির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন জাতীয় পার্টির দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ছিল চরম উৎকণ্ঠা। কারণ নগরীর টাউন হল মাঠে জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ ও তার দেবর জিএম কাদের পন্থীরা নিজ নিজ কর্মসূচি ঘোষণা করে।

দলীয় সূত্র জানায়, নগরীর টাউনহল মাঠে শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় বেগম রওশন এরশাদ পন্থীরা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশ এবং একই স্থানে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের ডাক দিয়েছিলো গোলাম মোহাম্মদ কাদের পন্থী নেতাকর্মীরা। 

পরে প্রশাসনের অনুরোধে নগরীর আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে সকাল ১১টায় নগরীর কৃঞ্চচূড়া চত্বরে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন জিএম কাদের পক্ষের নেতাকর্মীরা। আর নগরীর টাউন হল মাঠে রওশন এরশাদ পক্ষের নেতাকর্মীরা ও সহযোগী সংগঠন কর্মী সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

বেগম রওশন এরশাদপন্থী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম বলেন, আমাদের প্রধান অতিথি বেগম রওশন এরশাদ উপস্থিত থাকতে পারবে না বলে কর্মসুচি স্থগিত করা হয়েছে। 

এ বিষয়ে জিএম কাদেরপন্থী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি বলেন, হাই কমান্ডের নির্দেশে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, পরবর্তী কর্মসূচির কোন দিনক্ষণ ঠিক করা হয়নি।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, জাতীয় পার্টির দুইটি পক্ষ একই দিনে একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও পরবর্তীতে আলাদা স্থানে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিল তারা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ছিল। কিন্তু শুক্রবার বিকেলে দুই পক্ষই তাদের কর্মসূচি স্থগিত করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত