কাপাসিয়ায় পিকআপচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামে আজ শুক্রবার বিকেলে বেপরোয়াগতির একটি পিকআপ চাপায় মো. আশিক সরদার (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের কামালউদ্দিন বাহারুল সরদারের ছেলে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা পিকআপ চালককে আটক করেন এবং পিকআপে আগুন ধরিয়ে দেন।

পারিবার সূত্র জানায়, শুক্রবার বিকেলে প্রবাসফেরত আশিক সরদার মোটরসাইকেল চালিয়ে উপজেলার বরুন বাজার থেকে গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বাড়ির অদূরে কাপাসিয়া-বরুন-ভাকেয়াদি সড়কের ওকালউদ্দিন
মার্কেটের নিকট পৌঁছালে বিপরীত দিক কাপাসিয়া থেকে আসা বেপরোয়াগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং আশিক মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার অপরপাশে পড়ে যায়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেন এবং পিকআপ চালককে পুলিশে সোপর্দ করেন।

খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পিকআপটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত