রাশিয়ান বাহিনীর নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইউক্রেন। দেশটির জ্বালানি ব্যবস্থা বৃহস্পতিবারও নতুন করে কয়েক দফা রুশ হামলার শিকার হয়েছে। রাজধানী কিয়েভ থেকে শুরু করে মধ্যাঞ্চলের নিপ্রো এবং দক্ষিণের ওডেসায়ও নতুন করে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নতুন করে আরও অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সব মিলিয়ে রুশ হামলায় দেশটির প্রায় ১ কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেছেন, কোথাও কোথাও কর্র্তৃপক্ষকে জরুরি পরিস্থিতিতে বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ দিতে হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। তিনি বলেন, কিয়েভের মানুষ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জেগে উঠেছে। বিদ্যুৎবিহীন অবস্থায় থাকার কারণে শীতের শুরুর এই সময়ে তাদের ঘরে হিটিং সিস্টেম চালু নেই।
তিনি জানান, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মূলত রাজধানী কিয়েভসহ পশ্চিমাঞ্চলীয় নগরী ভিনিতসিয়া, দক্ষিণ-পশ্চিমের বন্দরনগরী ওডেসা এবং উত্তর-পূর্বের সুমি নগরী। এছাড়া নিকোপোল নগরীর আশপাশে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ ও পানিবিহীন হয়ে পড়েছে।
