চট্টগ্রাম নগরে নির্মাণাধীন ২১তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৮:২৬ পিএম

২১তলা ভবনের আগুনে নগরজুড়ে আতঙ্ক। আজ দুপুর আড়াইটায় নগরীর ওয়াসা মোড়ে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজের পাশের নির্মাণাধীন বহুতল ভবনে আগুন লাগে। এতে নগরীর আকাশে ধোঁয়ার আচ্ছন্ন হয়ে যায়। অবশ্য দ্রুত আগুন নিয়ন্ত্রণৈ আসে ফায়ার সার্ভিস।

মেরেডিয়ান শিল্প গ্রুপের মালিকানাধীন ২১তলার নির্মাণাধীন এই ভবনে পাঁচ তারকা চেইন হোটেল করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে হোটেল ব্যবহার থেকে সরে এসে এখন এই ভবনটি শপিংমল হিসেবে ব্যবহারের পরিকল্পনা চলছে। এ ভবনের আটতলা থেকে আগুনের সূত্রপাত হলে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ পাশেই বাওয়া স্কুলে পরীক্ষা দিচ্ছিল ছাত্রীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আটতলায় আগুন জ্বলছে, তবে কাউকে ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। এ সময় ভবনের নিচে থাকা মেরেডিয়ান গ্রুপের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ দেশ রূপান্তরকে বলেন, 'আটতলায় এসির (শীতাতাপনিয়ন্ত্রণ যন্ত্র) কিছু উপকরণ ও ফোম রয়েছে। শ্রমিকদের কেউ হয়তো সিগারেট খেয়ে বাকি অংশ নিক্ষেপ করেছে আর ফোমে আগুন লেগে যায়।' একটি রুমে অনেক ফোম রয়েছে জানিয়ে তিনি বলেন, ফোমে আগুন লাগার কারণে তা বেশি ধোঁয়ার সৃষ্টি করেছে। এতে আগুন কম হচ্ছে, ধোঁয়া বেশি।

৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আগুনের কারণ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের
সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, সামান্য আগুন লেগেছিল। তা নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়নি। তবে নির্মাণাধীন ভবন হওয়ায় তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আর ককশিট ও ফোম থাকার বেশি ধোঁয়া হয়েছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত