ঢাকায় আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্ত এলাকাগুলোতে সতর্কাবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ নভেম্বর) বিকেল থেকে সীমান্তে টহল জোরদার করে বিজিবি-৬। এছাড়া দুই জঙ্গির ছবি ও ঠিকানা পাঠানো হয়েছে জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে।
বিজিবি ও পুলিশ পলাতক ওই দুই জঙ্গির ছবি ও পরিচয় পোস্টার করে চেকপোস্ট ও সীমান্তের বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছে। যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে তারা দেশ ছেড়ে পালাতে না পারে।
বিজিবির ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, দুই জঙ্গি যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- সেজন্য গতকাল বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা আসে।এরপর ব্যাটালিয়নের অধীনে জেলার সকল অরক্ষিত সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
