নাটোরের বড়াইগ্রামের নগর ইউনিয়নের কুরশাইটে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে ওই গ্রামের কাইয়ুম হোসেনের ধানের গুদাম সংলগ্ন রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার কয়েকজন নেতাকর্মীসহ নগর বাজারে যাচ্ছিলেন। এ সময় কুরশাইট গ্রামে বিএনপির নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে মারপিট করে। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। পরে পুলিশ সেখানে রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় পাঁচটি বড় আকারের রামদা জব্দ করে। এ ঘটনায় রাতেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমানকে প্রধান আসামি করে মোট ২৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনের নামে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়া বলেন, মূলত আতঙ্ক সৃষ্টির মাধ্যমে আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির মহাসমাবেশে যাওয়া থেকে নেতাকর্মীদের বিরত রাখতেই পরিকল্পিতভাবে এসব অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো হয়েছে।
