ইয়াসিরকে জার্মানি পাঠানোর নির্দেশ সৌদি যুবরাজের

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:১৯ এএম

স্বপ্নের বিশ্বকাপ খেলতে গিয়ে দুঃস্বপ্নের চোট এসে ভর করেছে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল সাহরানিকে। নিজ দলের গোলরক্ষক মোহাম্মদ আলওয়েসের সঙ্গে সংঘর্ষে জড়ান তিনি। সে আঘাতে চিড় ধরেছে চোয়ালে। ভেঙেছে মুখের বাম পাশের একটি হাড়। যা সারাতে প্রয়োজন হবে অস্ত্রোপচারের। যার জন্য তাকে পাঠানো হবে জার্মানিতে।

রবিবার বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন।

গাল্ফ টুডে তাদের জানিয়েছে, মাঠে চোট পেলে সাহরানিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করা হলে অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছে বলে ধরা পড়ে। সেটা বন্ধ করতে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাহারানির উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সাহারানির চোটের দিনে বিশ্বকাপের ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। যা টুর্নামেন্টের বড় একটি অঘটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত